দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মিটুল। কিন্তু বাংলাদেশ আর দেশের গান তার মধ্য থেকে দূরে যায়নি এক মুহূর্তের জন্যেও। আর তাই প্রতিনিয়ত মিটুল মিশে ছিলেন গানের সঙ্গে। দীর্ঘদিন বিরতিতে থাকলেও আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তিনি একটি নতুন গান নিয়ে আসছেন। গানটির নাম ‘ভালো লাগে’। এবারের ঈদ উপলক্ষে জি সিরিজের ব্যানারে আসছে গীতিকার ও কণ্ঠশিল্পী মিটুলের 'ভালো লাগে' গানটি।
গানটির চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন মনজু আহমেদ। গানের কথা এবং সুর করেছেন কে জিয়া। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। গানটির মডেল সজল ও সূচি। কিউ-৪ ব্যান্ডের ভোকালিস্ট মিটুল যদিও রক ধাঁচের গান করেন, কিন্তু এবার শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন এই মিষ্টি প্রেমের গান।
ভালো লাগে- গানটি প্রসঙ্গে মিটুল বলেন, ‘যদিও আমি আমার লেখা আর সুর করা গানই মূলত গাই, তবে এবার শ্রোতাদের কথা ভেবেই এই গানটি করেছি। বন্ধু জিয়ার লেখা আর সুরে এটি সম্পূর্ণ অন্য ধরনের একটি গান। এটি পুরোপুরি আধুনিক শ্রোতাদের জন্যেই গাওয়া। মেলোডিকে এখানে প্রাধান্য দিয়ে রোকন ইমন খুবই সুন্দর সংগীত পরিচালনা করেছেন। আর মঞ্জু ভাই বাংলাদেশের একটি মিষ্টি প্রেমের গল্পের কিছু মুহূর্ত গানটিতে খুবই সাবলীলভাবে তুলে ধরেছেন। এ সময়ের মডেল সজল এবং সূচি গানটিকে ফুটিয়ে তুলেছেন। শ্রোতারা আমার কাছে অনেকদিন ধরে যে রকম একটি গান চাইছিলেন, ভালো লাগে গানটি আশা করছি সেই চাওয়া পূরণ করবে।’
উল্লেখ্য, এর আগে মিটুলের একক ও ব্যান্ডের অনেকগুলো গান এবং অ্যালবাম ইউটিউব ও আইটিউন-এ জনপ্রিয় হয়েছে।
ইত্তেফাক/এমআই