নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের শেষ ম্যাচেও দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ার জালমির ২৪ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। মূলত এই দুই বোলারকে আরও একদিন নিজেদের ডেরায় রাখতে বিসিবির কাছে বিশেষ অনুরোধ করেছিল পেশোয়ার কর্তৃপক্ষ, যার প্রতিদান তারা মাঠেই দিয়েছেন।
করাচিতে আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। জবাবে ব্যাট করতে নামা মুলতান সুলতানসকে ১৭২ রানে আটকে দেয় পেশোয়ারের বোলাররা। তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। অন্যদিকে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এদিন কোনো উইকেট না পেলেও ৪ ওভারে ২৭ রান দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।
চলতি আসরে নাহিদ রানা ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ঈর্ষণীয় (৫.৪২)। শরীফুল ৫ ম্যাচ খেলে ২ উইকেট পেলেও ওভারপ্রতি খরচ করেছেন ৭.৯৩ রান। পিএসএলে পেশোয়ারের হয়ে মিশন শেষ করে আগামীকালই (মঙ্গলবার) দেশে ফেরার কথা রয়েছে এই দুই পেসারের। এরপর তারা নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
পেশোয়ারের বড় সংগ্রহের মূলে ছিল লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটিং। তিনি ৪০ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস ১৭ বলে ৩৮ রান করে ঝোড়ো সূচনা এনে দেন।
রান তাড়ায় নেমে মুলতান সুলতানস ৮ উইকেটে ১৭২ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে শান মাসুদ ১৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। পেশোয়ারের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রানে ৩ উইকেট নিয়ে মুলতানের ব্যাটিং লাইনআপে ধস নামান।
এই জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল অপরাজিত পেশোয়ার জালমি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মুলতান সুলতানস।