আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান হিসেবে জয় শাহ’র স্থলাভিষিক্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি- এমন গুঞ্জন চাউর হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পিসিবি প্রধান। আইসিসির চেয়ারম্যান হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ওঠে যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করা নাকভি ক্রিকেট বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সামলাতে যাচ্ছেন এবং আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্সের ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে এই জল্পনা নাকচ করেন। এক প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‘না, আমার ওপর ইতিমধ্যেই অনেক দায়িত্ব রয়েছে।’
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, চলমান পিএসএলে আবার দর্শকদের স্টেডিয়ামে ফেরানোর জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আবারও কথা বলবেন। পিসিবি প্রধান বলেন, ‘দর্শকদের বিষয়টি নিয়ে আমি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। পিসিবি সর্বোচ্চ চেষ্টা করবে দর্শকদের স্টেডিয়ামে ফিরিয়ে আনতে।’