সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে বিআইজেএফ’র ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার বিকেলে আরএনসি উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্ত ২০০ জনের মধ্যে ত্রাণ ও ঈদসামগ্রী  বিতরণ করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর উদ্যোগে  ত্রাণ  ও ঈদসামগ্রী  বিতরণ করা হয়।

বিআইজেএফ  ও বন্যাদুর্গত গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বানভাসিদের কথা চিন্তা করে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সাতপোয়া ইউনিয়নের চর রৌহা, নান্দিনা, চুনিয়াপটল ও পৌর শহরের কোনাবাড়ী, তাড়িয়াপাড়া—এই পাঁচটি  গ্রামের বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিজনকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক  কেজি মুড়ি, এক কেজি চিড়া, সেমাই, পাঁচটি খাওয়ার স্যালাইন, গুঁড়া দুধ, সয়াবিন তেল দেওয়া হয়েছে।

ত্রাণ  বিতরণে উপস্থিত ছিলেন বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য রহিতুল ইসলাম, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, বন্ধুসভার সভাপতি আলাদিন আল আসাদ, সহসভাপতি রুবেল হোসাইনসহ বন্ধুসভার সদস্যরা।

চররৌহা গ্রামের রহতন বেগম (৬০) বলেন, ‘ঈদের আগে সেমাই, চিনি, তেল, চাল পাইয়া বালাই হইল, এহন আর চিন্তা করন লাগব না। কয়েক দিন খাওন যাব।’

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) মোজাহেদুল ইসলাম বলেন, বন্যার্তদের  কথা চিন্তা করে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।