প্রিমিয়ার লিগে ক্লাব বদল শেষ আজ

ইংল্যান্ডে ফিরছেন কোটিনহো? 

স্পোর্টস ডেস্ক

দলবদলের শেষ দিনে ফেলিপে কোটিনহোকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারেন। লিগটিতে দেখা যেতে পারে জুভেন্তাস তারকা পাওলো দিবালা ও আর্জেন্টিনার উঠতি মিডফিল্ডার জিওভানি লো সেলসোকেও। এদের অন্তত দুইজনকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে টটেনহ্যাম হটস্পার।

ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য ক্লাব বদলের মৌসুম আজই শেষ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউরোপের অন্যতম সেরা এই লিগটি। তারই প্রাক্কালে শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড ছুটছে টটেনহ্যাম মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্যও।

গেলবারের রানার্স আপ লিভারপুল দল নিয়ে বেশ সন্তুষ্ট, তাই শেষ দিনে তাদের চমক দেওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। তবে ম্যানচেস্টার সিটি চলতি দলবদলে শেষ খেলোয়াড় হিসেবে হোয়াও ক্যানসেলোকে দলে ভেড়াতে পারে এদিন। 

প্রিমিয়ার লিগের চলতি ক্লাব বদল মৌসুম কেটেছে বেশ নিস্তেজভাবেই। বড়ো কোনো ‘তারকা’ দলে ভেড়ায়নি কোনো ক্লাবই। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় শেষ হয়ে যাবে ইংলিশ লিগের দলগুলোর গ্রীষ্মকালীন ক্লাব বদলের সময়সীমা। শেষ সময়ে বেশ কিছু বড়ো দলবদলের ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ আগেই জানিয়ে রেখেছিলেন প্রতি মৌসুমে বড়ো অঙ্কের অর্থ ঢালার মতো ক্লাব এখনো হয়ে ওঠেনি তার দল। তাই চলতি গ্রীষ্মকালীন দলবদলে তেমন খরচই করেনি দলটি।

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ক্লাব রেকর্ড ৬২ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজকে দলে ভিড়িয়েছে এ সময়ে। ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন, শেষ দিনে জুভেন্তাস রাইটব্যাক হোয়াও ক্যানসেলোকে দলে ভেড়াতে পারে কোচ পেপ গার্দিওলার দল।

ক্লাব বদলের শেষ সময়ে বড়ো চমক দিতে পারে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ টটেনহ্যাম হটস্পার। গেল মৌসুমে নতুন স্টেডিয়ামে পা রাখার পরই দলটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছিলেন তাদের এবার ‘বড়ো ক্লাবের মতো আচরণ করতে হবে’। ইঙ্গিত ছিল দলবদলে বড়ো অঙ্ক ব্যয়ের দিকেই। চলতি দলবদলে এখন পর্যন্ত কেবল লিওঁ মিডফিল্ডার ট্যাংগুয়ে এন্ডম্বেলেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে  কিনেছে দলটি।

রিয়াল বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর পেছনে বেশ কিছুদিন ধরেই ছুটছে স্পার্সরা। তবে শর্তাবলীতে বনিবনা না হওয়ায় এখনো কোনো ঘোষণা আসেনি। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার মতে, শেষ দিনে জিওভানিকে দলে ভেড়াতে মরিয়া চেষ্টা চালাবে টটেনহ্যাম।

বার্সেলোনার ফেলিপে কোটিনহোকেও টটেনহ্যাম আনতে চায় বলে জানিয়েছে মার্কা। এ ব্যাপারে বার্সার সঙ্গে আলোচনা পর্বেও আছে তারা। ইংলিশ ও স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, খেলোয়াড়টির জন্য বার্সেলোনার চাহিদা ১২০ মিলিয়ন ইউরো, যা টটেনহ্যামের জন্য ব্যাপারটাকে কিছুটা কঠিন করে তুলছে।

তবে সবচেয়ে বড়ো চমকটি হতে পারে দিবালার টটেনহ্যাম যাত্রা। ইতালীয় ও ইংলিশ সংবাদ মাধ্যমের মতে, ইতিমধ্যেই টটেনহ্যামের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনে নিয়েছে জুভেন্তাস। এখন কেবল অপেক্ষা খেলোয়াড়টির সঙ্গে বেতন ভাতা নিয়ে বনিবনার।

লো সেলসো-কোটিনহো-দিবালাদের যে কোনো দুইজন টটেনহ্যামে গেলে পারলে স্পার্স মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের গন্তব্য হতে পারে ইউনাইটেড। টটেনহ্যাম মিডফিল্ডারের ওপর অনেকদিন ধরেই নজর রেখেছে দলটি। তবে সেটা না হলেও চলতি দলবদলে বেশ বড়ো অর্থই ব্যয় করেছে তারা। ক্রিস্টার প্যালেস থেকে ফরোয়ার্ড অ্যারন ওয়ান বিসাকাকে ৪৫ মিলিয়ন পাউন্ড আর লেস্টার থেকে হ্যারি ম্যাগুইয়ারকে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ড খরচায় দলে এনেছে কোচ ওলে গুনার সোলসারের দল।