স্পোর্টস ডেস্ক
অধিনায়কত্বের দায়িত্ব একটু কমেছে ফাফ ডু প্লেসিসের। এখন তিনি কেবলই দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। ওয়ানডেতে নতুন কাউকে খুঁজে বের করবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএস)। মূলত ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে কোচিং স্টাফ দলকে এরই মধ্যে অব্যাহতি দিয়ে দিলেও বড়ো কোনো বিপদের মুখ দেখছেন না ডু প্লেসিস। তবে, তার দায়িত্ব খর্ব হওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন সিএসএর ক্রিকেট বিষয়ক নতুন পরিচালক কোরি ভ্যান জিল।
এই ব্যাপারে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবার সময় চলে এসেছে। আমাদের নতুন একটা কৌশল দরকার। আর নতুন কৌশলকে কাজে লাগানোর জন্য দরকার নতুন একজন অধিনায়ক। তিনিই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবেন। ফাফ আপাতত টেস্টের অধিনায়ক থাকছেন। তবে, আমাদের এখন সাদা বলের ক্রিকেটের জন্য নতুন কিছু দরকার।’
দক্ষিণ আফ্রিকার সামনে এখন ভারত মিশন অপেক্ষা করছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। প্রথমে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগেই তাই নতুন কোনো অধিনায়ককে খুঁজে বের করতে হবে সিএসএকে। এরপর বিশাখাপটনমে টেস্ট সিরিজ শুরু হবে দুই অক্টোবর।
ভ্যান জিল বলেন, ‘আমাদের দল নির্বাচন কমিটির একটা বৈঠক হবে সম্প্রতিই। সেখানেই আমরা নিজেদের পরিকল্পনার ব্যাপারে অর্ধেকটা নিশ্চিত করে ফেলব।’
ভারত সফরের আগেই নতুন একজন কোচও নির্বাচন করে ফেলার কথা সিএসএর। কারণ, ওটিস গিবসনের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবে না সংস্থাটি। বিশ্বকাপে ওটিসের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না সিএসএ। কারণ দল নয়টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে।
সিএসএ ক্রিকেট কোচিংয়ে নতুন এক বিপ্লব আনার স্বার্থেই ক্যারিবিয়ান কোচ গিবসনকে ছেড়ে দিয়েছে। সংস্থাটি এবার এমন একজন কোচ নিয়োগ দেবে যে কি না নিজেই কোচিং স্টাফ, মেডিক্যাল স্টাফ নিয়োগ দেবেন। এমনকি অধিনায়ক নির্বাচনের দায়িত্বটাও থাকবে কেবল কোচের হাতেই। মানে ক্রিকেট বিশ্ব এবার কোচিংয়ে অনুসরণ করতে চলেছে ফুটবলকে। পদের নামটাও দক্ষিণ আফ্রিকা প্রধান কোচ নয়, বরং ম্যানেজারই বলতে চায়। তাঁর অধীনেই দলের বাকি কোচরা কাজ করবেন।
কোচ শুধু রিপোর্ট করবেন ক্রিকেট ডিরেক্টরের কাছে। সিএসকে জানিয়েছে, ক্রিকেট ডিরেক্টরের পদটা পাচ্ছেন কোরি ভ্যান জিল। নতুন এই কাঠামো স্থাপন করতে এরই মধ্যে টিম ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজিকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তার মেয়াদও আসছে সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে।