চলতি দল-বদলে পিএসজি ছেড়ে নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে জটিল একটা অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ন্যু ক্যাম্পে আসতে চাইলে তাকে তার চাওয়া পরিষ্কার করে জানাতে হবে বলে মনে করেন জেরার্ড পিকে।
২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ২৭ বছর বয়সি নেইমার। তার ক্লাব ছাড়ার প্রক্রিয়ায় ক্ষুব্ধ ছিলেন কাতালান ক্লাবটির অনেকেই।
সাবেক এই সতীর্থ ফিরলে ভীষণ খুশি হবেন বলে জানিয়েছেন পিকে। তবে নেইমারের বার্সেলোনায় ফেরাটা সহজ হবে না বলে মনে করেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার। তিনি বলেন, ‘যদি সুযোগটা আসে, তার সঙ্গে আমার কেমন সম্পর্ক তা আপনারা জানেন। সে ফিরলে আমি উচ্ছ্বসিত হব।’ তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে নেইমারকেই কথা বলতে হবে। অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলি। কিন্তু ব্যক্তিগত আলোচনা প্রকাশ করাটা ঠিক না। যদি সে তার ভাবনা নিয়ে বলতে চায় বা তার মত দিতে চায়, তাকে জনসম্মুখে আসতে হবে এবং এটা বলতে হবে।’ বিডিনিউজ