বিএনপির রাজনীতি ও আন্দোলন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে : তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সুশাসনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, গ্রাম শহরে পরিণত হচ্ছে, এটি বিএনপির সহ্য হচ্ছে না। তাই তাদের রাজনীতি ও আন্দোলনে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশে যখন ডেঙ্গু নিয়ে রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও অভিনয় শিল্পীসহ সব শ্রেণি-পেশার মানুষ জনসচেতনতায় কাজ করছে, তখন বিএনপি নির্বাচন দাবি করছে। তবে নির্বাচন হবে। সেটি ২০২২ সালে। সে দিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অভিনেত্রী অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচীর, তানভীন সুইটি, শাহনূর, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।