ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় ঐক্য গড়ে তুলুন —নোমান

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ডেঙ্গু সারা দেশে মহামারি আকার ধারণ করেছে। এটা জাতীয় দুর্যোগ। সরকারকে আহ্বান জানাব, এই রোগ নিয়ন্ত্রণে সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডি সীমান্ত স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু রোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা দলের সভাপতি শেখ রবিউল আলম রবি, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে। সরকার যখন কোনো কিছু নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন তার দায় চাপায় বিএনপির ওপর।

সংগঠনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আব্দুল কুদ্দুস, ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ প্রমুখ।