নিজেকে ভাগ্যবান ভাবেন স্টোকস

কিছুদিন আগেই মুখে মারাত্মকভাবে বলের আঘাতে চোটে পড়েন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। একটু এদিক সেদিক হলেই সোজা চোখে আঘাত  করতো বল। সেকারণেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

ফেব্রুয়ারিতে নেটে অনুশীলনের সময় বলের আঘাতে স্টোকসের ডানদিকের গালের হাড় ভেঙে গিয়েছিল এবং মুখে অস্ত্রোপচার করা হয়েছে। মুখে গুরুতর আঘাত পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণেও সমস্যায় পড়েছিলেন, তবে এবারের ইনজুরিটি সম্পূর্ণ আলাদা এবং মুখের গুরুতর আঘাত।

সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, একটি বল সরাসরি মুখে আঘাত করে, যা ছিল অত্যন্ত গুরুতর। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘মাথা না ঘোরালে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কয়েক ইঞ্চির ব্যবধানেই হয়তো বড় ধরনের বিপদ ঘটতে পারতো।’

এই চোটের কারণে স্টোকসকে অস্ত্রোপচারও করাতে হয়েছে এবং পুনরায় সুস্থ হতে বেশ সময় লেগেছে। এখনও পুরোপুরি মাঠে ফিরতে পারেননি তিনি, তবে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। ইনজুরির ধাক্কায় তার মৌসুমের শুরুটা পিছিয়ে গেছে বলেও জানান এই ইংলিশ অধিনায়ক।

স্টোকস বলেন, ‘ডারহামের হয়ে মৌসুমের শুরুতে খেলতে চেয়েছিলাম, কিন্তু চোট আমাকে প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে। এখন নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে, যাতে টেস্ট মৌসুম শুরুর আগে কিছু ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করতে পারি।’

উল্লেখ্য, আসন্ন টেস্ট মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ জুন, ঐতিহাসিক লর্ডসে।