ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পশুর হাটের আশপাশে অবস্থিত ব্যাংকের শাখাগুলো ঈদের আগে তিন দিন খোলা রাখা ও সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী শুক্র, শনি ও রবিবার কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। গতকাল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ছুটির তিন দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। এতে আরো বলা হয়েছে, ঈদুল আজহার আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাত্ ৯, ১০ ও ১১ আগস্ট দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে।