তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সাইফ হাসানের ফিফটিতে ঘিরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।
এরপর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ হাসান। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার।
অন্যদিকে সাইফকে ভালো সঙ্গ দিচ্ছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে নাথান স্মিথ নিয়েছেন ২টি উইকেট।