হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অথচ ম্যাচটা ছিল টাইগারদের হাতের মুঠোয়। ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ২৫তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। তবে ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ার সঙ্গে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।
হাতের নাগালে থাকা এমন ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘হ্যাঁ, মাঝে মাঝে এমনটা হয়। সব খেলোয়াড়ই খুব উত্তেজিত ছিল এবং সবাই জিততে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এমনটা হতেই পারে।’
ম্যাচ হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি মিরাজ। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি। এই উইকেটে ২৭০ রান তাড়া করা খুব একটা কঠিন কাজ নয়। উইকেটটা বেশ ভালো ছিল এবং আমাদের বোলাররা (তাদের আটকে রাখতে) দারুণ কাজ করেছে। আমরা যদি দুইটা ক্যাচ নিতে পারতাম, তাহলে নিশ্চিতভাবেই ওদের ২০০ রানের নিচে আটকে রাখতে পারতাম। এটা আমাদের দলের ছোট একটা ভুল ছিল। তবে আমি মনে করি আমাদের অনেক ইতিবাচক দিকও আছে।’
ম্যাচে ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবুও ব্যাটিং নিয়ে ইতিবাচক বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় পরপর দুটি উইকেট পড়ে যাওয়া সব সময় প্রতিপক্ষ দলের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তবে লিটন ও তাওহীদ যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। এরপর তাওহীদ ও আফিফও ভালো খেলেছে। আমাদের অবশ্যই ম্যাচটা ভালোভাবে শেষ করা উচিত ছিল, অন্যথায় জয় পাওয়া সম্ভব নয়। কারণ রান তাড়া করার সময় বড় পার্টনারশিপ গড়া খুব জরুরি। আমরা যদি একটা বড় পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে নিশ্চিতভাবেই ম্যাচটা জিততাম।’