রায়পুরে বিদ্যুত্ বিভ্রাট গ্রাহক ভোগান্তি চরমে

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরে গত ১৫ দিন ধরে বিদ্যুত্ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। এর ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরবাসী জানিয়েছে, কোনো কোনো এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে একাধিকবার বিদ্যুত্ চলে যাওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে, রাতে এ অবস্থা চরম আকার ধারণ করে।

পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াদ উদ্দিন মুন্সী ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছির উদ্দিন রাসেলসহ পাঁচ থেকে ছয় জন জনপ্রতিনিধি জানান, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে বিদ্যুত্ চলে যায়। সারারাত আর বিদ্যুত্ আসেনি। সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুত্ আসেনি। আবার মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুত্ চলে গিয়ে বিকাল পাঁচ টার পর আসে। তার পরেও রাতে তো সম্যসার শেষ নেই। কখন বিদ্যুত্ আসবে, আর কখন যে চলে যাবে তা কেউ বলতে পারে না। পৌর শহরের ব্যবসায়ী জাকির হোসেন সোহেল ও সাইফুল ইসলাম মুরাদ বলেন, দুই ঘণ্টার ব্যবধানে আজ (গতকাল বুধবার) আট বার বিদ্যুত্ চলে গেছে। শহরে গত ১৫ দিন ধরে বিদ্যুত্ বিভ্রাটের ঘটনা ঘটেছে। ঘন ঘন বিদ্যুত্-বিভ্রাটের কারণে পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তিন বছর আগে ঈদের সময় এমন পরিস্থিত হয়ে মানুষের বাসা-বাড়ির ফ্রিজে রাখা সকল মাংস নষ্ট করে ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে।

শহরের ধান হাটা এলাকার গৃহবধূ কামরুজাহান বলেন, বিদ্যুত্ না থাকায় ঘরের কাজের সীমাহীন সমস্যা হচ্ছে। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। পানি তোলা যাচ্ছে না। গরমে রাতে ঘুমানো যাচ্ছে না। সামান্য সময়ের ব্যবধানে এতবার বিদ্যুত্ চলে যাওয়ার কারণেই আমার বাসার ফ্রিজ ও টিভি দুটোই নষ্ট হয়ে গেছে।

রায়পুর পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম শেখ মোনায়ার মোরশেদ বিদ্যুত্ বিভ্রাটের কথা স্বীকার করে বলেন, গতকালের (বুধবার) বিষয়টি আসলেই অত্যন্ত দুঃখজনক। তবে চাহিদার বিপরীতে পর্যাপ্ত বিদ্যুত্ সংরক্ষিত থাকায় রায়পুরে কোনো ধরনের লোডশেডিংয়ের ঘটনা ঘটছে না। বর্তমানে ঝড়-বৃষ্টির মৌসুম বিধায় শুধু পৌর শহরে বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমরা আন্তরিকতার সাথে দিন-রাত কাজ করে যাচ্ছি। তবে ঢালাওভাবে যতটা অভিযোগ করছেন, সমস্যা ততটা প্রকট নয়। বিদ্যুতের তারের পাশ থেকে সুপারি গাছসহ বিভিন্ন গাছের ডালগুলো সরাতে পারলে এ ধরনের বিদ্যুত্ বিপর্যয়ের ঘটনা একেবারেই কমে যাবে বলে তিনি দাবি করেন।