চিনির প্রভাবে কমে যেতে পারে শিশুর বুদ্ধি-স্মৃতিশক্তি

প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত চিনির উপস্থিতি শিশুদের শুধু দাঁতের ক্ষতি করে না, বরং এটি তাদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা এবং আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন পুষ্টি গবেষণা সংস্থার মতে, শিশুদের সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করতে চিনি গ্রহণ সীমিত রাখা জরুরি। গবেষণায় দেখা গেছে, চিনির আধিক্য শিশুর মনোযোগ ও মানসিক স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটায়।

শিশুকে খুশি রাখতে অনেক সময়ই আমরা চকলেট, ক্যান্ডি বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে থাকি। মাঝেমধ্যে এগুলো খাওয়া স্বাভাবিক। কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যদি অতিরিক্ত চিনি ঢুকে পড়ে, তখন বিষয়টি শুধু দাঁতের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি ধীরে ধীরে সন্তানের মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে।

শিশুর বেড়ে ওঠার সময় মস্তিষ্ক খুব দ্রুত বিকশিত হয়। এই সময় খাদ্যাভাসের প্রভাব সরাসরি তার মনোযোগ, শেখার ক্ষমতা ও আচরণের ওপর পড়ে।

চিনি কীভাবে প্রভাব ফেলে তা দেখে নিন-

১. রক্তে গ্লুকোজের ওঠানামা
অতিরিক্ত চিনি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়, আবার হঠাৎ কমেও যায়। এই ওঠানামা শিশুর মনোযোগ, মুড ও শেখার ক্ষমতায় প্রভাব ফেলে।

২. প্রদাহ বাড়াতে পারে
গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন বেশি চিনি খেলে শরীরে প্রদাহ বাড়তে পারে, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৩. স্মৃতি ও মনোযোগে প্রভাব
অতিরিক্ত চিনি গ্রহণ শিশুদের স্মৃতিশক্তি ও মনোযোগের স্থায়িত্ব কমাতে পারে, বিশেষ করে যারা নিয়মিত উচ্চমাত্রার চিনি খায়।

৪. আচরণে পরিবর্তন
চিনি বেশি খাওয়ার পর অনেক শিশু অস্থির, খিটখিটে বা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে। এটি তাদের দৈনন্দিন আচরণ ও শেখার পরিবেশকে প্রভাবিত করে।

৫. দীর্ঘমেয়াদি খাদ্যাভ্যাস তৈরি করে
ছোটবেলায় বেশি মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হলে সেটি বড় হয়েও থেকে যায়, যা ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

তাহলে কী করবেন?
১. প্রক্রিয়াজাত চিনি কমান
ক্যান্ডি, প্যাকেটজাত জুস, সিরিয়াল- এসব খাবারে লুকানো চিনি বেশি থাকে। এগুলো সীমিত রাখুন।

২. প্রাকৃতিক বিকল্প বেছে নিন
ফলমূল শিশুর জন্য ভালো বিকল্প হতে পারে। এতে প্রাকৃতিক চিনি থাকলেও ফাইবার ও পুষ্টিগুণ থাকে।

৩. খাবারের ভারসাম্য বজায় রাখুন
কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট - যেমন বাদাম যোগ করলে রক্তে গ্লুকোজের ওঠানামা কম হয়।

৪. পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন
শরীরে পানির ঘাটতি হলেও মনোযোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে।

৫. নির্দিষ্ট সময়ে খাবার দিন
অনিয়মিত খাওয়ার ফলে এনার্জি লেভেল ওঠানামা করে। নির্দিষ্ট সময়ে খাবার দিলে তা স্থিতিশীল থাকে।

গবেষণায় দেখা গেছে, সুষম খাদ্যাভ্যাস শিশুদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন পুষ্টি গবেষণা সংস্থা অতিরিক্ত চিনি গ্রহণ সীমিত রাখার পরামর্শ দেয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

সন্তানের মেধা ও আচরণের ইতিবাচক পরিবর্তন আনতে পর্যাপ্ত পানি পান নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ে সুষম খাবার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছোট ছোট এই দৈনন্দিন পরিবর্তনগুলোই শিশুর মনোযোগ ও শেখার ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, জার্নাল অব নিউট্রিশন