কমলগঞ্জ (মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে চা বাগান শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার ধলই চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ ও ‘ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিত্সকের পরামর্শ নিন, সুস্থ থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ধলই চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, বাগান পঞ্চায়েত সভাপতি গৌরাঙ্গ সাধু, সাবেক ইউপি সদস্য তুলসী দাস প্রমুখ।
ওসি আরিফুর রহমান বলেন, ছেলেধরা একটি গুজব। এই গুজবে কান দিবেন না। কাউকে সন্দেহ হলে নাম-ঠিকানা জিজ্ঞ্যেস করবেন অথবা আমাদেরকে জানাবেন। গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এটি একটি ফৌজদারি অপরাধ। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।