বাংলাদেশকে হারিয়ে বড় অর্জন গড়তে চায় কিউইরা

বড় তারকারা ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে শক্তিতে ঘাটতি থাকলেও পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেয়নি সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের দৌড়ে এগিয়ে গেছে কিউইরা। এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। বাংলাদেশের কন্ডিশনে মিরাজ, শান্ত ও লিটনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের হারিয়ে সিরিজ জিততে পারলে সেটিকে বড় অর্জন হিসেবেই দেখছেন কিউই অলরাউন্ডার নাথান স্মিথ।

দ্বিতীয় ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন নাথান স্মিথ। বলেন, বিদেশের কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, 'আমরা এমন পরিবেশে খেলতে চাই এবং শিখতে চাই কীভাবে জিততে হয়। গত ম্যাচে বাংলাদেশকে চাপে রাখতে পেরেছি, তাই সিরিজ জিততে পারলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে।'

প্রথম ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন অভিষিক্ত ডিন ফক্সক্রফট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ-সেরাও হন তিনি। তাকে নিয়ে আলাদা করে স্মিথ বলেন, 'ফক্সি তার প্রথম ওয়ানডেতেই দারুণ বোলিং করেছে। তার লাইন-লেন্থ ও গতি ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল।' 

স্পিন বিভাগেও সন্তুষ্ট স্মিথ। তিনি জানান, তাদের স্পিনাররা খুব ভালো বল করেছে। বিশেষ করে, জেইডেন লেনক্সের প্রশংসা করে স্মিথ বলেন, 'সে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে দারুণ খেলছে। মিচেল স্যান্টনারের মতো বিশ্বমানের স্পিনারের কারণে সুযোগ কম পেলেও সে অসাধারণ বোলার।'

মিরপুরের উইকেটের আচরণ নিয়ে সব সময় আলাদা কৌতূহল কাজ করে সবার মধ্যে। প্রথম ম্যাচে দিনে এবং রাতের উইকেটের আচরণ ছিল ভিন্ন। উইকেটের এমন ভিন্ন আচরণের কারণ কী হতে পারে, এই বিষয়ে নাথান বলেন, 'আমি ঠিক জানি না সেটা (উইকেটে পরিবর্তন আসা) সময়ের কারণে কি না। উইকেটটা রোদে পুড়ে একটু ভেঙে আসছিল। ফ্লাডলাইট যখন জ্বলল, ততক্ষণে সূর্য হয়তো তার কাজ সেরে ফেলেছে। এ ছাড়া উইকেটে অনেক পায়ের ছাপ তৈরি হয়েছিল এবং ফাটলগুলোও খুলতে শুরু করেছিল। আমি নিশ্চিত নই, এটা সময়ের কারণে নাকি কড়া রোদের কারণে।'