পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের আমরণ অনশন

দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় ক্ষোভের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমরণ অনশন শুরু করেছেন। 

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন। তিনি মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো পদোন্নতি হয়নি। অনেক শিক্ষক যোগ্যতা অর্জনের ছয় মাস পার করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে গত ১১ এপ্রিল উপাচার্যকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দেন পদোন্নতিপ্রত্যাশী সেই শিক্ষক।

অনশনরত জামাল উদ্দিন বলেন, “অনেকেই পদোন্নতির সব শর্ত পূরণ করেছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ৬০ জন শিক্ষকের পদোন্নতির বিষয়টি দ্রুত সমাধান চাই।”

অনশনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলেন। তবে রাত পর্যন্ত অনশন চালিয়ে যান ওই শিক্ষক। এ সময় সংহতি জানিয়ে আরও ১৭ জন শিক্ষক সেখানে অবস্থান নেন।

এ বিষয়ে উপাচার্য তৌফিক আলম বলেন, পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর নির্ধারিত অভিন্ন নীতিমালা অনুসরণের বিষয়টি জটিলতা তৈরি করছে। তিনি জানান, এ নীতিমালা অনুসরণে কাজ চলছে এবং তা সম্পন্ন হলে যোগ্য শিক্ষকরা পদোন্নতি পাবেন।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্য, প্রয়োজন হলে এক দফার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।