বরগুনায় অনিক হত্যা মামলা
বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় আলোচিত অনিক হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আব্দুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিল না। সে পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছে রুবেল সওদাগর ও নাজমুল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে (১৭) কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিস লাইনের ক্যাবল তার গলায় বেঁধে ফাঁস দিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন।