কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক তিন যুবকের দণ্ডাদেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক তিন যুবককে মঙ্গলবার কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের মো. মোবারক হোসেন, বীর দামপাড়া গ্রামের মো. শামীম এবং কিশোরগঞ্জ পৌরসভার শ্রীনগর এলাকার সাঈদ বিন আমিন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং পার্টি মঙ্গলবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক এইচ এম খোদাদাদ হোসেন তাদের দণ্ড দেন।