উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বুধবার বিকেলে তিন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির উলিপুর বাজারে অভিযান চালিয়ে খাদ্য ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে ৫ হাজার, নুর আলম সিদ্দিকের কাছ থেকে ৫ হাজার ও সেকেন্দার আলীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহবুব আলম বিশ্বাস, উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মণ্ডল দুলু প্রমুখ।