বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জে র্যাব পরিচয়ে চাঁদা আদায়ের সময় বুধবার দুইজনকে আটক করে পুলিশ।
উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের কৃঞ্চকাঠীতে মো. মাইনুল হক দীপুর বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, র্যাব-৮ পরিচয় দানকারী ঝালকাঠী জেলা পৌরসভার মিজানুর রহমান ও সাইফুল হক।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা মো. মাইনুল হক দীপুর বাড়ির সামনের গিয়ে নিজেদের র্যাব-৮ এর কর্মকর্তা দাবি করে বলে এই বাড়িতে চোরাই গরু রাখা আছে। যদি তারা এ ঝামেলা থেকে বাঁচতে চায় তাহলে তাদের ও ঊধ্বর্তন কর্মকর্তা সিওকে কিছু ঈদ খরচ দিলে তাদের কোনো সমস্যা হবে না, তাই ঝামেলা এড়াতে দীপু তাদের ৫শত টাকা দিয়ে চলে যেতে বলে, এতে তারা সন্তুষ্ট না হলে কথা কাটাকাটি শুরু হয়। লোকজন জড়ো হলে তারা হুমকি দেয়, এরপরে তাদের পরিচয়ের বিভ্রান্তি ঘটে এবং নিজেদের সাংবাদিক পরিচয় দিতে শুরু করে। এ সময় স্থানীয়রা বাকেরগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে এবং মিজানুর রহমানের কাছ থেকে চাঁদার ৫শত টাকা উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মো. মাইনুল হাসান দীপু বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।