দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

টাঙ্গাইলে দোকানে বাকি চওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে স্থানীয় দোকানপাট ও ঘরবাড়িতে হামলা এবং লুটের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এই গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। সেদিন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলপেচা গ্রামের আলমগীর হোসেনের মুদি দোকান থেকে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতকুড়া গ্রামের এক ক্রেতা বাকি না পেয়ে মারামারিতে জড়ান। এই খবর জানাজানির পর আশপাশের কয়েকটি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে দুই ইউনিয়নের বিএনপি নেতারা বুধবার দুপুরে নলিন বাজারের অদূরে লাংড়া মোড়ে সালিশি বৈঠকের আয়োজন করে। পরে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দারা।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জগতকূড়া গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ফেরাতে গিয়ে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং স্কুল শিক্ষক নিয়ামত আলীসহ দশজন আহত হয়। এরপর গোলপেচা গ্রামে হামলা চালিয়ে শতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গোলপেচা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, জগৎকূড়া গ্রামের বাসিন্দারা ভাঙচুর চালিয়ে তাদের সব কিছু লুটপাট করে নিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর ও গোলাপুর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, কেউ লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষ ঘটে। দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে তর্ক ও মারামারির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।