সেঞ্চুরি করে লিটনকে কৃতিত্ব দিলেন শান্ত

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ৫৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। দলের জয়ে সেঞ্চুরি হাঁকিয়ে বড় অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন শান্ত। লিটনের সাবলীল ব্যাটিংয়ের কারণেই নিজের কাজটা সহজ হয়েছে বলে মনে করেন শান্ত। 

তিনি বলেন, 'আমার মনে হয় লিটন যেভাবে খেলেছে দুর্দান্ত ছিল। সে এক প্রান্ত ধরে খেলেছে। আমি চেষ্টা করেছি রান বের করার। উইকেট রানের জন্য এত সহজ ছিল না। চেষ্টা করেছি দলের জন্য ভালো একটি জুটি গড়ার।' 

নিজের সেঞ্চুরি প্রসঙ্গে শান্ত বলেন, 'তারা (নিউজিল্যান্ড) অনেক ভালো জায়গায় বল করেছে। আমি চেষ্টা করেছি বর্তমানে থাকার। আগের কথা নিয়ে অত বেশি ভাবিনি। চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগিয়ে যতটা ভালোভাবে খেলা যায়। অনেক গরম এখানে। তবে এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন অনেকটাই ভালো।'