ভেজাল দুধ তৈরির দায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি দুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঐ প্রতিষ্ঠানের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা, ১০ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের দাবি, ঐ কারখানায় স্কিম মিল্ক পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে তৈরি ভেজাল তরল দুধ এবং দই উত্পাদন করে ‘ডেইরি ফ্রেশ’ ব্র্যান্ড নামে বাজারজাত করা হতো।
বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পুরিন্দা বাজারের ‘বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ নামক ঐ প্রতিষ্ঠানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সহযোগিতায় ছিলেন র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক জসিমউদ্দিন চৌধুরী। এ সময় আটক করা হয় প্রতিষ্ঠানের এমডি আবুল কালাম আজাদ, জিএম আমিনুল ইসলাম, ডিজিএম আব্দুল আজিজ, শ্রমিক সফর আলী, নয়ন, আরিফুল ইসলাম, আবুল কালাম, হায়দার আলী, আতিক মিয়া ও রিফাদ আহমেদকে।
জসিমউদ্দিন চৌধুরী জানান, ভেজাল দুধ তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ১০জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মধ্যে ছয় জনকে দুই বছর করে ও চার জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেন ম্যাজিস্ট্রেট। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্কাস আলী ও এমডি আজগর আহমেদ পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হাইকোর্ট যে ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উত্পাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখার আদেশ দিয়েছিল, সেই কোম্পানিগুলোরই একটি হলো বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেড।
জসিমউদ্দিন চৌধুরী বলেন, হাইকোর্টের ঐ আদেশ স্থগিত চেয়ে প্রতিষ্ঠানটি আবেদন করলে আদালত পাঁচ সপ্তাহের জন্য তা স্থগিত করে। এরপর প্রতিষ্ঠানটি তাদের উত্পাদন ও বিপণন কার্যক্রম চালু রেখেছিল।