জেলা শহরের মাইজদী বাজারে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতারকৃত নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ পারভেজসহ সাত জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার সকালে সুধারাম মডেল থানার পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে শুনানি শেষে বিকালে জেলার ১নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেব উদ্দিন খান তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনা সম্পর্কে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, জেলা পুলিশ লাইন্সে কর্মরত তিন পুলিশ সদস্য রিয়েল দাস, আশিস কুমার ও আবদুস সামাদ মাইজদী বাজারের একটি খাবার হোটেলে দুপুরে খাবার খেতে যান। এ সময় খাবার টেবিলের অন্য পাশে বসা পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের দায়েদুল হকের ছেলে এনামুল হক আকাশের পায়ের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে এক পুলিশ সদস্যের পা লাগে। সে সময় ঐ পুলিশ সদস্য তাত্ক্ষণিক দুঃখ প্রকাশ করেন। তারপরও আকাশের সঙ্গে থাকা আরো দুই জন মিলে পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে ধমক দিয়ে হোটেল থেকে বের হয়ে তার ভাই সামছুল হকসহ ২০/২৫ জনকে ডেকে এনে পুলিশ সদস্যদের মারধর শুরু করে। এ খবর থানায় পৌঁছলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে হঠাত্ করে কাউন্সিলর সাইদ পারভেজসহ আরো কয়েকজন এসে পুলিশের ওপর হামলা ও মারধর করে। এ সময় তারা পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে।