পিপলস্্ লিজিংয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের দাবি

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অবসায়ন হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সাত দফা দাবি জানিয়েছেন। তাদের এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও হাইকোর্টের নিযুক্ত সাময়িক অবসায়কের (পিএলএফএসএল) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান কর্মকর্তা-কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন, মো. হারুন-উর-রশীদ, লিয়াকত আলী, কিসমত আরা, মামুন হাসানসহ অন্যরা।

লিখিত বক্তব্যে তারা জানান, গত ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ‘পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড’ অবসায়ন হতে যাচ্ছে। ১৪ জুলাই হাইকোর্ট ডিভিশন অবসায়নের অনুমতি প্রদান করে। এতে প্রতিষ্ঠানটিতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী তাদের ভবিষ্যত্ নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। আকস্মিক লিক্যুইডেশন হওয়ায় বিগত মাসগুলোর বেতন-ভাতা না পেয়ে বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেন না তারা।