সরাইলে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০

সরাইলে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত্ হোসেনসহ আহত হয়েছেন ৩০ জন। গতকাল সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের ইউনুছ মিয়া ও শামীম মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গত সোমবার হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি প্রাইভেট হাসপাতালের মালিক ইউনুছ মিয়া ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামীম মিয়ার মধ্যে বাগিবতণ্ডার পর হাতাহাতি হয়। এতে দুজনই আহত হন। ঐ ঘটনার জের ধরে গতকাল এ সংঘর্ষ  হয়। অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ওপর হামলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

সোমবারের সংঘর্ষের ঘটনায় ইউনুছ মিয়া বাদী হয়ে শামীম মিয়াকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গত মঙ্গলবার শামীম মিয়া ইউনুছ মিয়াকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। গতকাল পূর্বের ঘটনার জের ধরে শামীম মিয়ার পক্ষের জয় (২২) নামে এক যুবককে মারধর করে ইউনুছ মিয়ার লোকজন। এ খবরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ছয় রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ওসি শাহাদাত্ হোসেন, এএসআই এনামুল, এএসআই গোপী মহন, কনস্টেবল আলাউদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছেন। ওসি শাহাদাত্ হোসেনকে সরাইল হাসপাতালে ও পরে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।