বঙ্গবন্ধুকে হত্যার কলঙ্কমুক্ত হয়নি বাংলাদেশ ------------ আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হলেও বাংলাদেশ এখনো বঙ্গবন্ধুকে হত্যার কলঙ্কমুক্ত হয়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে রাজধানী ঢাকায় সপরিবারে হত্যার কলঙ্ক বাংলাদেশের ঘুচবে না। এই কলঙ্ক তখনই ঘুচবে যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব। গতকাল বুবধার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের (দুলাল) বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন,  বঙ্গবন্ধু যে ৫৫ বছর বেঁচে ছিলেন তার সবটা সময়ই তিনি এই দেশটার জন্য দিয়ে গেছেন। আমরা যদি সোনার বাংলা গড়তে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে। তিনি বলেন, আইন সচিব দুলাল ছিলেন স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কখনো বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আপস করেননি। তিনি অত্যন্ত বিনয়ী, বাঙালির মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। যেসব লোক বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেন নি, ছাত্র জীবনে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করে আজকের অবস্থানে এসেছেন। তার এখনো বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।