‘ঈদের আগে সংবাদকর্মীদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করতেই নোয়াবের রিট’

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) ১০ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ৯ম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের প্রাক্কালে নোয়াবের রিট আবেদনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে গতকাল এক যৌথ বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।

এদিকে নোয়াবের রিটের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিএফইউজে। একই সঙ্গে সারাদেশে অঙ্গ ইউনিয়নগুলোও বিক্ষোভ সমাবেশ করবে বলে বিবৃতিতে বলা হয়।

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, ‘নোয়াবের এ ধরনের পদক্ষেপ সংবাদপত্র শিল্পে নৈরাজ্যের সৃষ্টি করবে। যা মালিক ও সাংবাদিকদের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করবে। এর সূত্র ধরে পুরো সংবাদপত্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে।’ বিবৃতিতে নেতারা বলেন, ৯ম ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হওয়ার পরও নোয়াবের হাইকোর্টে রিট করা উদ্দেশ্যমূলক। নেতৃবৃন্দ বলেন, কোরবানির ঈদের আগে সাংবাদিকরা স্বাভাবিকভাবেই আশা করেছিলেন ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন ও বোনাস পাবেন।

নেতৃবৃন্দ এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।