হেফাজতে নির্যাতন সম্পর্কে বিবিসিকে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে নির্যাতন সরকারিভাবেই চলছে এবং সরকারবিরুদ্ধ মত ও ভিন্নমত যারা পোষণ করেন তাদের ওপরে অত্যাচার-নির্যাতন আরো বেশি করে চলছে।
গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টে আমরা দেখেছি—প্রতিবছর এখানে জুডিশিয়াল কাস্টডিতে (হেফাজতে) মৃত্যু হয়েছে ৪০০ থেকে ৭০০। আর হেফাজতে যে টর্চার-এটা তো কমন ব্যাপার। ফ্যান, সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী আছেন যাদের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। অথচ উনি (প্রধানমন্ত্রী) অবলীলায় অস্বীকার করলেন—এটা (হেফাজতে মৃত্যু) হয় না। আমার মনে হয় এটা সঠিক নয় তো বটেই, এটা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে ডেঙ্গুকে সিটি করপোরেশনের কর্মকর্তারা, তাদের মেয়ররা প্রথম দিকে তো কোনো গুরুত্বই দেয়নি এবং নাকচ করে দিয়েছে গুজব বলে। এখন এটা এত বেশি সর্বগ্রাসী রূপ নিয়েছে—এটা শুধু ঢাকাতে নয়, সারাদেশে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মিডিয়ার কারণে ডেঙ্গু সমস্যা নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। উনারা সবসময়ই জিনিসগুলোকে এভোয়েড করার চেষ্টা করেছেন। বাস্তব সত্য যেটা সেটাকে স্বীকার করতে ওরা সাহস পান না। এখানে মিডিয়া ছিল বলেই তো ডেঙ্গুটা সামনে এসেছে। না হলে চেপে যেত সবাই।