হুয়াওয়ে বাধা পেলে ভারতীয় কোম্পানিও ব্যবসা করতে পারবে না

ভারতে যদি চীনের হুয়াওয়ে কোম্পানি ব্যবসা না করতে পারে তাহলে ভারতের কোম্পানিও চীনে ব্যবসা করতে পারবে না। বেইজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরিকে ডেকে এই হুমকি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। ভারত যাতে আমেরিকার কথা শুনে হুয়াওয়ের ব্যবসা বন্ধ করে না দেয় তা বোঝানোর জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাইয়ে ডেকে পাঠানো হয় ভারতীয় রাষ্ট্রদূতকে। বলা হয়, সে ক্ষেত্রে চীনে ভারতীয় সংস্থাগুলোর ব্যবসার উপরও পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে চীন কিংবা ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।