পাম্প থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল নেওয়া সময় হাতাহাতির ঘটনাকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দাদনচক হল মোড়ে ‘মির্জা ফিলিং স্টেশন এলাকায়’ বাররশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ওই পাম্পে তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাররশিয়া গ্রামের এক যুবকের সঙ্গে দাদনচক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি জানাজানির পরদিন মঙ্গলবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেদিন রাতে দাদনচক গ্রামের আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানের জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন তাকে আটকে রাখে।

এর জেরে বুধবার সকাল ৮টার দিকে মনাকষা-শিবগঞ্জ মেইন রোডের ওপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝি এলাকায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনসহ মোট ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দাদনচক হল মোড়ে কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করি এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার বিকেলে দুপক্ষের ৬ করে প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, খবর পেয়ে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের পর মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিকেলে উভয়পক্ষে প্রতিনিধিকে ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।