প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর সুরে ঈদে এবার একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী ও মডেল উল্কা হোসেন। সাজ্জাদ হোসাইনের কথা ও জাহিদ বাশার পঙ্কজের সংগীত আয়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সঙ্গীতার ব্যানারে ‘একা একা’ শিরোনামের এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন গায়িকা নিজেই। এবার ঈদকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে এই মিউজিক ভিডিও। এক সময় অভিনয় করলেও উল্কা হোসেন এখন গান আর মডেলিং নিয়েই আছেন। গানের জগতে উল্কা হোসেনের অভিষেক হয় ১৯৭৬ সালে বিটিভির এক প্রতিযোগিতায় শিশুশিল্পী হিসেবে। ১৯৮৬ সালের দিকে তিনি বিটিভিতে তালিকাভুক্ত হন। ২০০৫ সাল থেকে তিনি বিশেষ গ্রেডের শিল্পী। বিটিভি, চ্যানেল আই, এসএটিভি, বাংলাভিশন, এনটিভিসহ বিভিন্ন চ্যানেলে তার গানের অনুষ্ঠান প্রচার হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতেও তিনি সংগীত পরিবেশন করেছেন। নজরুলগীতির ওপর ৫ বছরের কোর্স করেছেন এই শিল্পী। তবে আধুনিক গানও তিনি গেয়ে থাকেন। এবারের গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়াত আইয়ুব বাচ্চু আমার সুহূদ ছিলেন। ২০১১ সালে আমার জন্য তিনি এই গানটির সুর করেন। ঈদুল আজহায় ভিডিওটি সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’