ব্যবসাসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ট্রেড পোর্টালে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, বাংলাদেশ ট্রেড পোর্টাল বিশ্ব বাণিজ্যের অগ্রযাত্রায় সহায়ক হবে। এ ট্রেড পোর্টালে দেশের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের বাণিজ্য সংক্রান্ত সব তথ্য থাকলে ব্যবসায়িগণ উপকৃত হবেন। অবাধ বাণিজ্যের যুগে সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।

বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ট্রেড পোর্টাল তথ্য সমৃদ্ধ করার জন্য সরকারের বাণিজ্য সংশ্লিষ্ট ৩৯টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সঙ্গে ৩৯টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিগণ এ এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের  বিআরসিপি-১-এর টাস্ক টিম লিডার এরিক নোরাপ।