বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকাকোলা

কোমল পানীয় উত্পাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ৬৮০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আগামী বছর ৫ কোটি ডলার বিনিয়োগ করবে এই বহুজাতিক প্রতিষ্ঠান। কোম্পানিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এই পরিকল্পনার কথা জানান। শিল্পসচিব মো. আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন। কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ব্রায়ান স্মিথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। শিল্পমন্ত্রী কোমল পানীয়র পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসম্মত পানীয় উত্পাদনে কোকাকোলার প্রতি আহ্বান জানান।