লঙ্কানদের ভারপ্রাপ্ত কোচ রুমেশ

সাবেক বোলার রুমেশ রত্নায়েককে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে। ১৪ আগস্ট নিজেদের মাঠে শুরু হবে সিরিজটি। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ সিরিজটির প্রাক্কালে হেড কোচ হাতুরুসিংহেকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপরই নিয়োগ দেওয়া হয় ১৯৮০’র দশকে ৭৩টি টেস্ট উইকেট নেওয়া রুমেশকে যিনি ২০১৭ সালের আগস্ট থেকে শ্রীলঙ্কা দলের বোলিং কোচ ছিলেন। এ সিদ্ধান্তের ফলে হাতুরুর ভবিষ্যত্ অনিশ্চয়তায় পড়লো। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘আমরা দেড় বছর ধরে কোচটির পারফর্মেন্স দেখছি। তারই ভিত্তিতে আমরা সিদ্ধান্তটি নেই।’ সিলভা এও জানান যে হাতুরুসিংহেকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং তার জবাব জানতে এসএলসি ১৪ দিন অপেক্ষা করবে।