প্রথম বিভাগ ফুটবল লিগের খেলোয়াড় দলবদল এবং লিগ শুরুর দিনক্ষণ নতুন করে নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ থেকে ২১ আগস্ট দলবদল হওয়ার কথা থাকলেও সেটি এখন হবে ১৬-২৫ আগস্ট। অপরদিকে, ১ সেপ্টেম্বর লিগ শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন হবে ৭ সেপ্টেম্বর থেকে। এসব তথ্য জানিয়েছেন সিনিয়র ডিভিশন ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী দলবদল ১৬ আগস্ট থেকেই শুরু হবে। ক্লাবগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে দেয়া হবে।’
ডেঙ্গুর প্রকোপ, বন্যা, চিকনগুনিয়া এবং ঈদের ছুটি মিলিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না দেশে। তাই এই মুহূর্তে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের কার্যক্রমটা একটু পেছাতে চায় ক্লাবগুলো। এসব দাবি নিয়ে প্রথম বিভাগ লিগের ১৩ ক্লাব কর্মকর্তা কাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রায় সব দাবিই পূরণ করেছে বাফুফে। কাজী সালাহউদ্দিন সবার কথা শুনে বিবেচনা করার কথা জানিয়েছেন। দাবি ছিল দলবদলের সময় বাড়ানো, সেটা হয়েছে। লিগ শুরুর সময়টা পরিবর্তন করে এক সপ্তাহ বাড়ানোর দাবি পূরণ হয়েছে। কথা ছিল টাকা দেয়ার, সেটাও কাল হয়েছে। প্রতিশ্রুত ৫ লাখ টাকার মধ্যে কাল ২ লাখ টাকা করে চেক তুলে দেয়া হয়। আরো একটি পুরোনো দাবি ছিল। কাল সেটাও অনুমোদন করে দেয়া হয়েছে বলে কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘দলবদলের সময় বাড়ানো হয়েছে, লিগ শুরু হবে ৭ সেপ্টেম্বর। সেই সঙ্গে খেলোয়াড় ইন্টার ট্রান্সফারের কারণে বিভিন্ন ক্লাবের পড়ে থাকা যেসব টাকা রয়েছে তা দেয়ার দাবি ছিল। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ক্লাবগুলোর ইন্টার ট্রান্সফারের টাকা বুঝিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন।’
ফুটবল উন্নয়নে বাফুফে ২০ কোটি টাকা চেয়েছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে। সেটি পাওয়া যাবে। সেখান থেকে ক্লাবগুলোকে টাকা দেয়ার চিন্তা করছে। গতকালকের বৈঠক সূত্রে জানা যায় বাফুফে সভাপতি ক্লাবগুলোকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় তিনটি কাজের জন্য টাকা দেবে। জাতীয় দল, মহিলা ফুটবল এবং ফুটবল উন্নয়নে এই টাকা ব্যয় হবে।
সুত্র জানায় বাফুফে অর্থ মন্ত্রণালয়ে কথা বলে ২০ কোটি টাকার বাজেট হতে ৫ লাখ টাকা করে ডিএফএ এবং ৫ লাখ টাকা করে ক্লাবগুলোকে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদন হলে সেটি পাওয়া যাবে।