মৌলিক গল্পের বছর...

নির্মাণ কৌশলের পাশাপাশি গল্পের ভিন্নতা ও পুরোদমে মৌলিক গল্পের বছর ২০১৮। ঢাকাই চলচ্চিত্রে বিচ্ছিন্ন সময়ে ভালো গল্প ও নির্মাণ নিয়ে আলোচনা তৈরি হতো। যা

 

ইন্ডাস্ট্রির এগিয়ে নেওয়ার ক্ষেত্রটা ছিল ধীরগতির। সেসময়ের পরিবর্তনটা গতবছর থেকে অনেকটা বদলেছে। মূলধারার বাণিজ্যিক ছবির প্রতিও বেড়েছে দর্শকদের গ্রহণযোগ্যতা। তবে গল্প নিয়ে একটা অভিযোগ বিভিন্ন সময়েই থেকেছে। যে অভিযোগের ফল এবার চলচ্চিত্র সংশ্লিষ্টরাও পেয়েছে। চলতি বছর চলচ্চিত্র মুক্তির সংখ্যা গতবারের চেয়ে কমলেও বেড়েছে মৌলিক গল্পের ছবি।

নকল গল্পে ফ্লপ ও মৌলিক গল্পে হিট শাকিব

শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ ছবিটি বড় আয়োজনের হলেও নকল গল্পের অভিযোগ থাকায় লগ্নিকারকের ঘরে ওঠেনি লাভের অর্থ। অন্যদিকে শাকিব খানই বাজিমাত্ করে দেখিয়েছেন ‘সুপার হিরো’ ছবিটি দিয়ে। মৌলিক গল্পের ছবির জন্য ব্যবসা করার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটিতে শাকিবের সাথে জুটি হিসেবে ছিলেন বুবলী। এই নায়িকার সাথে শাকিব বেশ কয়েকটি ছবি করলেও এ সময়ে এসে দর্শকরা শাকিবের পাশে নতুন নায়িকা দেখতে চাচ্ছেন। এরইমধ্যে শাকিব নতুন নায়িকাদের সাথে জুটি বেঁধে কাজ করছেন। যে গল্পগুলোও এখন পর্যন্ত মৌলিক গল্প হিসেবে জানিয়েছেন নির্মাতারা।

 

প্রচারণার নতুন উদাহরণ ‘দেবী’

ছবির বাজেটের সাথে প্রচারণা খরচ যুক্ত ঢাকাই চলচ্চিত্রের জন্য অনেকটা নতুন চর্চা। কারণ এখানে ছবির ডাবিং শেষ হওয়া মানেই ছবি মুক্তি তোড়জোড় শুরু। নায়ক-নায়িকারাও ছবিটির সাথে আর সংশ্লিষ্ট থাকে না। অথচ পার্শ্ববর্তী দেশে কলকাতার ছোট ইন্ডাস্ট্রিও প্রচারণা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। তবে ঢাকাই চলচ্চিত্রে ‘দেবী’ ছবির প্রচারণা দিয়ে যে আলোচনা সৃষ্টি করে তা দেশের চলচ্চিত্রের জন্য নতুন উদাহরণ। ছবির প্রযোজক ও চিত্রনায়িকা জয়া আহসান কলকাতায় প্রশংসার সাথে কাজ করছেন অনেকদিন। সেখানে প্রচারণার গুরুত্বটা তিনি নিজের ছবিতেও দিয়েছেন। আর গল্পের বিষয়টি এখন সবার জানা। হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে ছবিটি। যার চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক অনম বিশ্বাস। ছবিটি মুক্তির আগে থেকেই দর্শকদের উন্মাদনার অংশ ছিল। মুক্তির পর বিভিন্ন আলোচনা ও সমালোচনা দিয়ে এখনো হলে চলছে ছবিটি।

 

নতুন ও প্রশংসিত জুটি সিয়াম-পূজা

অনেকদিন পর ঢাকাই ছবি পেল নতুন ও প্রশংসিত জুটি সিয়াম ও পূজাকে। সিয়ামের প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়েই প্রশংসা কুড়িয়েছেন। মৌলিক গল্পের পাশাপাশি ঝকঝকে স্ক্রিনিং নিয়ে আলোচিত হয়েছে ছবিটি। প্রথম জুটির ছবি সফল হওয়ায় আবারো এই জুটিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘দহন’ ছবিতেও দেখা গেছে। চলতি সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই ছবিটির গল্পও গতানুগতিক থেকে বের হয়ে নতুন একটি আলোচনা তৈরি করেছে।

 

প্রশংসিত ‘কমলা রকেট’

ইমপ্রেস টেলিফিল্মের ছবি নিয়ে প্রত্যশার জায়গাটা দর্শকদের কম থাকে। কারণ মাত্র কয়েকটি হলে মুক্তি দেওয়া এই ছবিগুলো বছর শেষে ঘরে আন্তর্জাতিক পুরস্কার তুললেও দেশের দর্শকদের মধ্যে তেমন আলোচনা দেখা যায় না। সেই জায়গা থেকে নূর ইমরান মিঠু পরিচালিত ছবিটি নতুন উদাহরণ।