গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎ অফিসের অদূরেই বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিস থেকে মাত্র ২০০ গজ দূরে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানা যায়। বৃহস্পতিবার (০৭ মে) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা বিদ্যুৎ না পেয়ে বিষয়টি টের পান। পরে দেখা যায়, খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।
স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়। তিনি অভিযোগ করেন, গত ১০-১২ বছরে আমার দোকানে ৪-৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি।
আরেক ব্যবসায়ী সেলিম বেপারী বলেন, বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। এক রিকশাচালকের মাধ্যমে প্রথমে ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকার খবর পাই। পরে বিদ্যুৎ বিভাগ ও পুলিশকে জানাই।
ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরে থাকা কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।