নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় মহসীন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে বন্দর থানার কলাগাছিয়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মহসীন (৪৫) খুলনার পাইকগাছা থানার গোয়ালপুর গ্রামের আব্দুল করিম সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর নৌ-বিভাগের একজন কনস্টেবল (নম্বর-৮৯৪) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া নৌ-ফাঁড়িতে কর্মরত ছিলেন।
কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সালেহ আহমদ পাঠান জানান, ডাকাতি প্রতিরোধ ও নদীপথে নিরাপত্তা জোরদারে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নদীতে টহলে বের হয়। তারা কলাগাছিয়া এবং মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর মধ্যবর্তী শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় পৌঁছালে হঠাৎ একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়। দুর্ঘটনার পর টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন পুলিশ সদস্য মহসিন সরদার।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তার মৃত্যু ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক সালেহ আহমদ পাঠান বলেন, ঘটনায় পুলিশের কোন অস্ত্র খোয়া যায়নি। এছাড়া বালুর বাল্কহেড ও চালকসহ স্টাফদের আটক করা যায়নি। খবর পেয়ে গতকাল শুক্রবার ভোরে নৌ পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আরিফ হাসপাতালে এসেছেন। সকালেই ময়নাতদন্তের পর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।