সিলেট নগরীর ঐতিহ্যবাহী ‘ক্বিন’ ব্রিজটি পুরোনো ও নড়বড়ে হয়ে গেছে। তবু প্রতিদিন সেতুর ওপর দিয়ে সুরমা নদীর এপার-ওপার হচ্ছে অসংখ্য ছোটো যানবাহন ও মানুষ। বেশ আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে হালকা যান ও পায়ে হেঁটে মানুষ পার হয় এই ব্রিজ। এটি দেখভালের দায়িত্ব পালন করে থাকে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে, ঐতিহাসিক এই ব্রিজটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে পায়ে হেঁটে সেতুটি পারাপার হতে পারবেন পথচারীরা। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ঐতিহাসিক ক্বিন ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের ট্রাফিক বিভাগ মিলে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ শেষে ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। আসাম প্রদেশের তত্কালীন গভর্নর মাইকেল ক্বিনের নামে এই সেতুর নামকরণ করা হয় ‘ক্বিন ব্রিজ’।