রাঙ্গামাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন পার্বত্য বাসীর আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এ সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মহলের গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিহত করতে পাহাড়ের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

সমাবেশের আগে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়। সন্ত্রাস বিরোধী এ বিক্ষোভে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নারী-পুরুষ যোগ দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বাঙ্গালী ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক মো. হাবিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী নেতা হাজী জহির আহম্মদ, আনোয়ার মিয়া বানু, আব্দুর শুক্কুর, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. জাহাঙ্গির আলমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও পেশাজীবী সাধারণ মানুষ অতিষ্ঠ।