উইকেট ছুঁড়ে দিলেন লিটন-মিরাজ, মুশফিকের ব্যাটে লড়ছে বাংলাদেশ 

মিরপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশন খুব একটা ভালো যায়নি টাইগারদের জন্য। ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। 

শনিবার (৯ মে) মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। সকালের শুরুটা বেশ ভালোই করেন এই দুই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন মুশফিক। 

তবে দলীয় ৩৩৮ রানে ৬৭ বলে ৩৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। মাত্র ১০ রান করে ফিরে যান সাজঘরে।

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। তবে লাঞ্চে যাওয়ার আগে তাইজুলকে হারায় বাংলাদেশ। ২৩ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

শেষ পর্যন্ত ১০৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ১৭৬ বলে ৭১ রানে অপরাজিত আছেন মুশফিক।