হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার ও রাসেল আহমেদ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ উপজেলার জলসুখা থেকে বানিয়াচং রোডে চলাচলকারী সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।