পীরগাছায় পুকুরে ডুবে ফোরকান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বাড়ির পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামে। ফোরকান ঐ এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, বুধবার বিকেল চারটার দিকে ফোরকান বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল। এ সময় বল পুকুরের পানিতে পড়ে। ফোরকান ঐ বল আনতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় খবর দেয়। এর প্রায় দুই ঘন্টা পর পুকুরে লাশ ভেসে ওঠে।
দুই মাস আগে শিশু ফোরকান অপহরণের শিকার হয়েছিল। পুলিশ প্রায় ১৫ ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ঐ ঘটনায় করা একটি অপহরণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পীরগাছা থানার উপ-পরিদর্শক প্রলয় কুমার বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে ফোরকান অপহরণের শিকার হয়েছিল। বুধবার বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।