গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও নাশকতাসহ ১৮ মামলার আসামি জিনের বাদশা প্রতারক চক্রের মূল হোতা চিনু মিয়াকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের সাতারপাড়া বাঁধের ওপর এ ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ শর্টগানের তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় নুর আলম ও তাজনুর রহমান নামে জিনের বাদশার দুই সহযোগীকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ছিনিয়ে নেয়া আসামি চিনু মিয়া ঐ গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। আটক নুর আলম ও তাজনুর রহমান একই গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, চিনু মিয়া জিনের বাদশা প্রতারক চক্রের মূল হোতা। তার (চিনু মিয়া) বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র আইন, প্রতারণা, চাঁদাবাজি, অপরহণ, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার একাধিক গ্রেফতারি পরোয়ানা আদালত জারি করেছে। পুলিশ বুধবার রাত ১০টায় বিশ্বনাথ গ্রাম থেকে চিনুকে আটক করে। পরে হ্যান্ডকাপ পরিয়ে পিকআপে করে গোবিন্দগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা হয়। পথে ঐ এলাকায় তার সহযোগী ও স্বজনরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামালা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে আসামি চিনু মিয়াকে ছিনিয়ে নেয়। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।