তালায় মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছে সাইফুল ইসলাম নামে এক ছিনতাইকারী।
বুধবার বিকালে তালা বাজারের দরবেশের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলামের বাড়ি পিরোজপুর জেলায়।
মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ জানান, তিনি সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে তালা সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন করতে যান। এ সময় অপরিচিত তিন জন লোক তাদের পিছু নেয়। ব্যাংকে ভিড় থাকার কারণে বিকাল ৩টায় তিনি টাকা নিয়ে বের হয়ে আসেন। তখনো তাদের পিছু নেয় ঐ তিন জন। তিনি তার স্ত্রীকে নিয়ে তালা বাজারের দরবেশের হোটেলের কাছে পৌঁছলে তার মুখে (মুক্তিযোদ্ধা) কিছু একটা ছুড়ে মারে ছিনতাইকারী চক্রের এক জন। এ সময় ছিনতাইকারী চক্রের আরেকজন তার (মুক্তিযোদ্ধার) হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে একটি চেয়ারের ওপর রেখে তার মুখ ধুইয়ে দিতে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের আরেকজন টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাত্ক্ষণিক তার স্ত্রী চিত্কার করলে স্থানীয় জনগণ এসে ছিনতাইকারী চক্রের যে সদস্য মুক্তিযোদ্ধার মুখ ধুইয়ে দিতে নিয়ে গিয়েছিলেন তাকে আটক করে। পরে সে ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকারোক্তি দেয়। এদিকে, টাকা নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারী চক্রের অপর সদস্যদের আর পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তিযোদ্ধার খোয়া যাওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ২৬ হাজার টাকা উদ্ধার হয়েছিল।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।