বরিশালে ডুবে যাওয়া দুই নৌযানের সন্ধান মেলেনি

তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে বরিশালের মেহেন্দীগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে ডুবে যাওয়া মালবাহী দুইটি নৌযানের বৃহস্পতিবার বিকাল ৪টায় কোনো সন্ধান মেলেনি। স্থানীয়দের সহায়তায় উভয় নৌযানের আরোহীরা তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালিগঞ্জ নৌফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন গজারিয়া নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে সার বোঝাই এমভি টপশিপ নামে একটি কার্গো ডুবে যায়। ডুবে যাওয়া ঐ কার্গোটি পটাশিয়াম সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা ১১ আরোহী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, ঐদিন রাতেই উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি মালবাহী কার্গো ডুবে যায়। নিতু মাওয়া নামে ঐ নৌযানটিও ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল। তীব্র স্রোতের মধ্যে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নিতু মাওয়া নামে নৌযানটিও ডুবে যায়।