সংবাদ সংক্ষেপ

সুনামগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে দুই দিনব্যাপী উপজেলা ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বড়াইগ্রামে বিনামূল্যে খাদ্য সহায়তা পাচ্ছে দরিদ্র পরিবার

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভায় মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন।

রায়পুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ঈদুল আজহা উপলক্ষ্যে রায়পুর পৌরসভার ভিজিএফ কার্ডধারী ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে বৃহস্পতিবার চাল বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কার্ডধারী পাবেন ১৫ কেজি করে চাল।  পৌর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ইসমাইল খোকন। এ সময় প্যানেল মেয়র আইনুল কবির মনির, কাউন্সিলর মিজানুর রহমান, পৌর সহকারী প্রকৌশলী জুলফিকার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা দুর্নীতি দমন কমিশন পাবনার আয়োজনে সততা সংঘের উদ্যোগে দুর্নীতি বিরোধী প্রচারণা ও জনমত সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন পাবনার উপপরিচালক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, কাউন্সিলর ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা জুলমত হোসেন প্রমুখ।

১৫ আগস্ট উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বুধবার বিকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। 

টাঙ্গাইলে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইল জেলার পশ্চিম অংশে যমুনা নদীর তীর ঘেঁষা নিম্ন এলাকা কাকুয়া ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। সম্প্রতি কাকুয়া ইউনিয়নের ওমর পুর গ্রামে তিনি বন্যাদুর্গতদের মাঝে চিকন চাল, তেল, সেমাই, চিনি এবং গুঁড়া দুধ বিতরণ করেন। শ্যামল খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে উপস্থিত সকলকে মরণব্যাধি ডেঙ্গু থেকে নিজেদের নিরাপদ রাখার ব্যাপারে সচেতন হবার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার আজাদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, আওয়ামী নেতা তারেক খান রিপন, শৈবাল হাসান খানসহ অনেকে। —প্রেস বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক আসামিদের সাজার দাবি

 নেত্রকোনা প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের সাজার রায় কার্যকরের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন হয়। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ছোটবাজারস্থ দলীয় অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র এবং সম্পাদক মো. খায়রুল হাসান লিটু।